নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে ২৬ লিটার চোলাই মদ রাখার দায়ে শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাঃ ফৌজিয়া হাফছা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত শফিকুল ইসলাম অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের মৃত খয়বার ইসলামের ছেলে। তিনি বর্তমানে জামিনে মক্তি পেয়ে পলাতক রয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল অভয়নগর উপজেলার নওয়াপাড়া মাছ বাজারের মাংসপট্টি সংলগ্ন ভৈরব নদের ওপর মতি মোড়লের দোকান এলাকায় অভিযান চালায়। এ সময় পশ্চিম পাশের একটি টিনশেড টং ঘর থেকে শফিকুল ইসলামকে আটক ও তার হেফাজত থেকে ১৭টি কাচের বোতলে সাড়ে ৮ লিটার এবং দু’টি প্লাস্টিকের জারিকেনে সাড়ে ১৭ লিটারসহ মোট ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোমবার এ রায় দেন।