আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামি ও চুরি মামলার এক আসামিসহ মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আশাশুনি উপজেলার আগরদাড়ি গ্রামের আনছার আলী সরদারের ছেলে মো. আঙ্গুর হোসেন (৪৫) এবং মাদারবাড়িয়া গ্রামের মৃত মেছের আলী গাইনের ছেলে মো. আব্দুর রাজ্জাক গাইন (৫৯)। পুলিশ সূত্রে জানা গেছে, আঙ্গুর হোসেন আশাশুনি থানার মামলা নং-২২, তারিখ ২১ জুন ২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইনের ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার মামলার আসামি। তিনি কুল্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি, আশাশুনি থানা কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে পরিচিত। অপরদিকে, আব্দুর রাজ্জাক গাইন আশাশুনি থানার মামলা নং-০৯, তারিখ ৯ নভেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারার চুরি মামলার আসামি। পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনকে দুপুরে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।