নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার মুনসেফপুরে বিএনপি নেতা শেখ আবু তালেব হত্যা মামলার একমাত্র আসামি শফিয়ার শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তার জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন। মামলার আসামি শফিয়ার শেখ একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে শফিয়ার শেখ দাবি করেন- আবু তালেব ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তার বিরুদ্ধে তাবিজ-কবজ করতেন। এ ছাড়া টাকা-পয়সা নিয়েও আবু তালেবের সঙ্গে তার বিরোধ ছিল। এসব বিরোধের জেরেই তিনি আবু তালেবকে হত্যা করেছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন। মামলার এজাহারে নিহতের ছেলে ও বাদী শাহাজান আলী উল্লেখ করেন, শফিয়ার শেখ তার পিতার ফুফাতো ভাই। আবু তালেব গ্রামের মাতব্বর হিসেবে বিভিন্ন সালিশে অংশ নিতেন। শফিয়ারের উচ্ছৃঙ্খল আচরণের কারণে স্থানীয় লোকজন বিভিন্ন সময় তার বিরুদ্ধে আবু তালেবের কাছে অভিযোগ করতেন। এসব অভিযোগের ভিত্তিতে আবু তালেব তাকে শাসন করতেন। একপর্যায়ে শফিয়ার এলাকা ছেড়ে মাগুরায় চলে যান। সম্প্রতি এলাকায় ফিরে আবারও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আবু তালেবের ওপর ক্ষুব্ধ হন শফিয়ার। এর জের ধরে বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে আবু তালেবকে পেয়ে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শফিয়ার শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত দেখা হচ্ছে।