নিজস্ব প্রতিবেদক : যশোরে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় যশোর পুলিশ লাইন্স মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নিয়োগ বোর্ডের সদস্য ও মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি নিয়োগ ডিউটিতে নিয়োজিত বিভিন্ন টিমের সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। এ সময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, সার্কেল কর্মকর্তাসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়মে না জড়াতে প্রার্থীদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কোনো প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার জন্যও প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।