Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের সাবেক কৃতী ফুটবলার আজিজুল হক জিল্লুর ইন্তেকাল, দাফন

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০৯:২১:০৪ পিএম
যশোরের সাবেক কৃতী ফুটবলার আজিজুল হক জিল্লুর ইন্তেকাল, দাফন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দল ও যশোর জেলা দলের সাবেক কৃতী ফুটবলার আজিজুল হক জিল্লু (৭২) আর নেই। শনিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার সিকেডিইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর যশোরের কারবালা মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার বেলা ১২টায় যশোর সোনালী অতীত ক্লাবের উদ্যোগে শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে প্রয়াত এই ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় যশোরের ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব, সাবেক খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন-আজিজুল হক জিল্লু ছিলেন একজন ভালো মানের ফুটবলার এবং অত্যন্ত সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মানুষ। ফুটবলের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। খেলার উন্নয়ন ও প্রসারে তিনি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তার মতো নিবেদিতপ্রাণ ও গুণী খেলোয়াড়ের অভাব সহজে পূরণ হওয়ার নয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, অ্যাডহক কমিটির সদস্যসচিব চিন্ময় সাহা, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আকশাদ সিদ্দিক শৈবাল, শামস-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শামস-উল-বারী শিমুল, সৌখিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সুইমিং পুলের অ্যাডহক কমিটির সদস্য নজরুল ইসলাম, সাবেক ফুটবলার কাজী জামাল হোসেন, কওসার আলী, মশুক মো. সাথী, খায়রুজ্জামান বাবুসহ যশোরের বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক। আজিজুল হক জিল্লুর মৃত্যুতে যশোরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ক্রীড়ামোদীরা একজন সাবেক খেলোয়াড়ের পাশাপাশি ফুটবলের একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারালেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)