ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। কৃষি বিভাগ জানায়, রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, মসুর ও গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৪ হাজার কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি রাসায়নিক সার, ৫’শ কৃষকের মাঝে ৫ কেজি মসুর বীজ, ১৫ কেজি সার ও ১৫০ জন কৃষকের মাঝে ২০ কেজি গমের বীজ ও ৭৩ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৪ হাজার ৬’শ ৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, কৃষি কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ-আল-মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।