নিজস্ব প্রতিবেদক : যশোরে পথ আটকে ছুরিকাঘাতে জখম করে এক শ্রমিকের কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের নীলগঞ্জে প্রকৃতির স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক আলিমুন হোসেন (২২) সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত আলিমুন জানান, তিনি নীলগঞ্জের সানাই কর্পোরেশন নামের জেল কারখানায় শ্রমিকের কাজ করেন। কারখানার কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে প্রকৃতির স্কুলের সামনে পৌঁছালে দুই যুবক তার পথরোধ করে। একপর্যায়ে তারা তার বাম উরুতে চাকু দিয়ে আঘাত করে পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে নিজেই চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে যান। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহতের অবস্থা গুরুতর হলেও তিনি আশঙ্কামুক্ত। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।