Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৯:৪৩:৪৬ পিএম
শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছর খুলনা বিশ্ববিদ্যালয়  দিবস আজ

প্রেসবিজ্ঞপ্তি : আজ ২৫ নভেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ২৫ নভেম্বর ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করা হয়। সেই হিসেবে এ বছর শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আপামর মানুষের নিরলস প্রচেষ্টা ও ত্যাগ। দীর্ঘ ৩৬ বছরের পথচলায় শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সংযোগ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আজ তরুণ প্রজন্মের স্বপ্ন, ভবিষ্যৎ ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়টি এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয় বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম-এর নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, একাডেমিক কার্যক্রম সচল রাখা, গবেষণায় গতিশীলতা আনা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রশাসনিক কাঠামো আধুনিকায়নের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে দেশে প্রথমবারের মতো সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে অ্যাক্রেডিটেশনের আবেদন, স্নাতক পর্যায়ে গবেষণা অনুদান চালু এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনায় আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্ব দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’-এর আওতায় গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা-গবেষণার সক্ষমতা বাড়াতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে, যেখানে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও গবেষণাগার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে দীর্ঘ ৭ বছর পর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি ২০২৭ খ্রিস্টাব্দে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি আমাদের জন্য গর্বের ও মর্যাদার। এ অগ্রযাত্রায় যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তিনি আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। আজ ২৫ নভেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস যথাযথভাবে উদযাপনের জন্য এ বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে দিবসের আলোচনা সভা, গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান এবং স্মরণিকার মোড়ক উন্মোচন। পরে অদম্য বাংলা প্লাজায় বিভাগ ও ডিসিপ্লিনসমূহের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে উপস্থাপন করা হবে। এছাড়াও বাদ জোহর মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হলসমূহ ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)