ফুলতলা (খুলনা) প্রতিনিধি : নিরাপদ অভিবাসন নিশ্চিতে বিদেশগামী কর্মীদের সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া এবং সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করা জরুরি বলে মন্তব্য করেছেন খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহা। বুধবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘মানব পাচার, অভিবাসী চোরাচালান ও সাইবার স্ক্যাম প্রতিরোধ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন । ব্র্যাকের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘কমব্যাটিং হিউম্যান ট্রাফিকিং, পিপল স্মাগলিং অ্যান্ড সাইবার স্ক্যামস : ৪পি ফ্রেমওয়ার্ক’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ্। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র?্যাকের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) কো-অর্ডিনেটর অশোক বালা এবং সঞ্চালনা করেন সাইকোসোশ্যাল কাউন্সেলর সামসুজ্জামান মোল্লা। উন্মুক্ত আলোচনায় অংশ নেন ফুলতলা প্রেসক্লাবের সভাপতি তাপস কুমার বিশ্বাস এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, প্রধান শিক্ষক বিমান নন্দী। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি এবং মানব পাচারের শিকার সারভাইভার ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ এবং অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ব্র্যাক।