আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার এক আসামি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আশাশুনি থানার মামলা নং-০৭(০৯)২৬-এর আসামি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে ফরহাদ আহমেদ নয়ন (৪২)। তিনি ১নং শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত। এছাড়া সিআর-১৬৬/২৪ (পাইকগাছা) মামলার আসামি উপজেলার বড়দল উত্তরপাড়া গ্রামের রাজ্জাক গাজীর ছেলে জামিরুল গাজী (৩৬) এবং এসসি-১৬২/১৬ মামলার আসামি কুল্যা গ্রামের আনছার মল্লিকের ছেলে ফারুখ হোসেন (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার একজন এবং পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দুপুরে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।