Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চাঁদা না পেয়ে দোকানে হামলা-মারধর, আড়াই লাখ টাকার সিগারেট লুট

এখন সময়: বুধবার, ২৫ নভেম্বর , ২০২৬, ০৮:৪৭:৫৩ পিএম
চাঁদা না পেয়ে দোকানে হামলা-মারধর,  আড়াই লাখ টাকার সিগারেট লুট

নিজস্ব প্রতিবেদক : পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে মুদি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তিনজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে। দোকান মালিকের দুই ছেলেকে পিটিয়ে আহত করার পাশাপাশি ক্যাশ ভেঙে নগদ তিন লাখ টাকা ও প্রায় আড়াই লাখ টাকার সিগারেট লুট করে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর নতুন বাজারের মেসার্স লতিফ স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক রুহুল আমিন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় টিটো, বিপ্লব হোসেন সরদার ও সজিব আনোয়ারসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে রুহুল আমিনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার সন্তানদের মারধর এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার দিন রুহুল আমিন দোকানে না থাকার সুযোগে তাঁর দুই ছেলে শামীম হোসেন (৩৯) ও জুয়েল হোসেন (২৫) দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে অভিযুক্তরা দোকানে গিয়ে ফের পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানাতেই লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঁটা নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালানো হয়। হামলায় শামীমের মাথা ফেটে যায়। পরে তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়। জুয়েলকেও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করা হয়। এরপর হামলাকারীরা দোকানের ক্যাশ ভেঙে নগদ তিন লাখ টাকা ও বিভিন্ন কোম্পানির প্রায় আড়াই লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। যাওয়ার সময় প্রকাশ্যে হত্যার হুমকিও দেন তারা। পরে পরিবারের সদস্যরা আহত দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত শামীম হোসেন পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। জুয়েলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)