নিজস্ব প্রতিবেদক: যশোরে হত্যাসহ ১০ মামলার আসামি সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে র্যাব-৬। এ সময় তার বাসা থেকে একটি পিস্তল ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি চারতলা ভবনের ২ তলার ফ্লাট থেকে তাকে আটক করা হয়। এই বাড়িতে সে ভাড়া থাকত। আটক সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়ার মেসিয়ার খোকনের ছেলে। র্যাব সূত্র জানা গেছে, র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়। গোল্ডেন সাব্বির দীর্ঘদিন ধরে ওই বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলো এবং সেখান থেকেই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গভীর রাতে অভিযান চালিয়ে গোল্ডেন সাব্বিরকে আটক করে। এ সময় ঘর তল্লাশিকালে রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়। গোল্ডেন সাব্বির দুটি হত্যা মামলাসহ ১০ মামলার আসামি। দীর্ঘদিন ধরে সাব্বির যশোরের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগে ২০২২ সালের ২০ জুলাই সাব্বির দুই সহযোগী এবং অস্ত্র, গুলি ও মাদকসহ সুজলপুর থেকে গ্রেফতার হয়েছিল। সাব্বির বড় ধরনের নাশকতার উদ্দেশ্য অস্ত্র ও ককটেল রেখেছিল। এ ঘটনায় আটক সাব্বিরের বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে তাকে সোপর্দ করেছে র্যাব। পুলিশ বিকেলে আটক সাব্বিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।