নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় পূর্বশত্রুতার জেরে এক প্রতিবন্ধী রিকশাচালকের ওপর হামলা এবং মানববন্ধন করার জেরে এক যুবককে অবৈধভাবে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে টিবি ক্লিনিক এলাকার বাসিন্দারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন-বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিবন্ধী রিকশাচালক টুটুলের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় বিকেলে এলাকাবাসী মানববন্ধন করে। সেই মানববন্ধনে অংশ নেওয়া রনি নামের এক যুবককে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কুখ্যাত সিরাজুর,শহিদুল, সুজন ও ঝন্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে ।
এ সময় বক্তারা প্রতিবন্ধী রিকশাচালকের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং আটক যুবক রনির দ্রুত মুক্তির দাবি জানান। মানববন্ধনে টিবি ক্লিনিক এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।