নিজস্ব প্রতিবেদক : যশোর-২ এর (ঝিকরগাছা-চৌগাছা) সাবেক এমপি মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফারদীনা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমাবার দুর্নীতি দমন কমিশন যশোরের একটি আবেদনের শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক এমএম মোর্শেদ এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী সিরাজুল ইসলাম।
দুদক সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছা-চৌগাছা সংসদীয় আসনে মনিরুল ইসলাম এমপি ছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় নিজ ও স্ত্রীর নামে বিপুল স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন অভিযোগ আছে। এ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন যশোর তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করছেন। অনুন্ধানকালে দুদক জানতে পারে সাবেক এমপি মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফারদীনা রহমান বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটবে বলে তদন্তকারী কমিটির প্রধান দুদুকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১ ফেব্রুয়ারি তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার এ আবেদনের শুনানি শেষে বিচারক দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির আদেশ দিয়েছেন।
উল্লেখ, বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক এমপি মনিরুল ইসলাম ও তার স্ত্রী এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।