নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : নারী কর্মীদের লাঞ্ছিত করা হচ্ছে রাস্তা-ঘাটে, পরনের পোশাক খুলে নেয়ারও হুমকি দেয়া হচ্ছে প্রতিনিয়ত তাদের। শ্যামকুড় ও ঝাঁপা ইউনিয়নে জামায়াত মহিলা কর্মীদের এভাবে অপদস্থ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ধানের শীষ এবং কলসের কর্মীরাই এগুলো করছেন। নির্বাচন বিষয়ে কথা হলে তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের সঙ্গে প্রতিযোগীতা বা প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি আব্দুর রশীদ আহমাদের। মতবিনিময়কালে গাজী এনামুল হক আরও বলেন- নির্বাচিত হলে, অভিশপ্ত ভবদহের সমস্যার সমাধান, অবহেলিত রাস্তা-ঘাট সংস্কার, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ এবং মণিরামপুর হাসপাতালকে ১শ’ শয্যায় উন্নীত করা হবে বলে দাবী করেছেন। প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে প্রার্থী গাজী এনামুল হক আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবে এমনটা মনে করা হচ্ছে। মতবিনিময়কালে উপজেলা জামায়াতে আমীর সহকারি অধ্যাপক ফজলুর রহমান, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জামায়াত নেতা আহসান হাবীব লিটন, সাবেক আমীর মাওলানা লিয়াকত হোসেন, জুলাই যোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।