শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : টানা ষষ্ঠ বারের মতো মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছে ড. মুসাফির নজরুল (নজরুল ইসলাম)। বৃহস্পতিবার সকালে জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মোঃ আলফাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ওবায়দুল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক ও শিক্ষার্থীগণ।
মুসাফির নজরুল মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে ‘বিভাগোত্তার বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’-শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল ও ২০২১ সালে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ’- শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন।