ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আসাদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার ভৈরবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ উপজেলার কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা যায়, বিকেলে মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশ ও মিছিল শেষে আসাদসহ কয়েকজন একটি পাওয়ার টিলারে করে নিজ গ্রাম কুল্লাহর উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার দিকে ভৈরবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আসাদসহ পাঁচজন গুরুতর আহত হন।
খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আসাদের অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।