ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষিত না হলেও বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলের হিসাবে বিএনপির ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের এএসএম মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ভোট।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ ছেড়ে দেন।
শৈলকুপার বারইপাড়া গ্রামের ছেলে আসাদুজ্জামানের জন্ম ১৯৭১ সালের জানুয়ারি মাসে। তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন; সেখান থেকেই এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। আসাদুজ্জামান ১৯৯৫ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন, পরের বছর হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ পান। বিশিষ্ট আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন আসাদুজ্জামান। তিনি ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।