নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চুড়ামনকাটির বাগডাঙ্গা গ্রামের পালপাড়ায় মাটির তৈরি রিং স্লাব ও চাড়ি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এই ভাঙচুরের ঘটনাটি ঘটে। সাজিয়ালী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, বাগডাঙ্গা গ্রামের পালপাড়ার ৫০ পরিবার মাটির তৈরি রিং স্লাব ,হাঁড়ি ও চাড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা জীবন পাল, সঞ্জয় পাল, কৃষ্ণ পাল, কানাই পালের কারখানায় হামলা চালিয়ে আনুমানিক ২০ হাজার টাকা রিং স্লাব ও চাড়ি ভেঙে ফেলেছে।
ভুক্তভোগীরা জানান, দুর্বৃত্তরা কেনো কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে এটা তাদের অজানা।
বাগডাঙ্গা পালপাড়া পূজা মন্দিরের সভাপতি জয়দেব কুমার পাল বলেন, মাটির তৈরি এসব পণ্য ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।