নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় মনিরামপুরে আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার রাতে মণিরামপুর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নতুন প্রতিমন্ত্রীর নামে বিভিন্ন শ্লোগান দেন এবং তার প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিলের নেতৃত্বে দেন বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস ও উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ।
দলীয় নেতাকর্মীরা বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অনিন্দ্য ইসলাম অমিতকে যেমন আরও শানিত করবে, তেমনি যশোর ও মণিরামপুরসহ সমগ্র অঞ্চলের উন্নয়নের গতি পাবে এবং মানুষের কল্যাণ হবে। তারা এজন্য দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।