নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : প্রথমে ১ লাখ পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শামছুজ্জামান ভুট্টোর কাছে। কিন্তু তিনি চাঁদা বাজদের টাকা না দেয়ায় বাড়িতে গিয়ে কলেজ ছাত্রী জাহানারা খাতুন (১৭) তার মা আরজিনা খাতুন (৪৫) ও বাবা শামছুজ্জামান ভুট্টোকে (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে একই এলাকার আব্দুল্লা,আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু।
এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে।
আহত শামছুজ্জামান ভুট্টো বলেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার বিকালে শ্রীপুর গ্রামের হান্নান আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি তার দাবি কৃত টাকা না দেয়ায় পরে ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু তার দাবিকৃত টাকা না দেয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় আমাকে ও আমার কলেজ পড়ুয়া মেয়ে ও তার মাকে তারা ৩ জন মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে প্রতিবেশীরা রাতেই উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আমি এলাকায় গিয়ে দু’পক্ষকে বসে সমাধান করার কথা বলে এসেছি। তবে আমি দু’এক দিনের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেব।
ভৈরবা পুলিশ ফাঁড়ির আইসি এসআই আনিসুর রহমান জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ঘুরে আসছি। তবে হান্নান ওরফে বাবলুও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।