কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের নবাগত এমপি মাও. আবু তালেব। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন ও বারবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন- সন্ত্রাস, মাদক ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে সজাগ হয়ে কাজ করতে হবে। এছাড়াও আগামী ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে ও গ্রামগঞ্জে চুরি ঠেকাতে পুলিশ বাহিনীকে জোরদার পদক্ষেপ নিতে আহবান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুন কুমার দাস, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা, উপজেলা জামায়াতের আমির আব্দুল হক, সেক্রেটারী মাও. ওলিয়ার রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।