নিজস্ব প্রতিবেদক : অষ্টম শ্রেনির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে ঝিকরগাছা উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে আকিজ কলেজিয়েট স্কুল।
২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ঝিকরগাছা উপজেলার নাভারণে অবস্থিত আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আকিজ কলেজিয়েট স্কুল ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২৯ জন ট্যালেন্টপুলে এবং ২৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা উচ্ছ্বসিত।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী ফাতিমা ফারহানা আফিফা জানায়, ‘এই সাফল্যে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি। এই সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বাবা মায়ের দোয়ার অবদানকে তুলে ধরে আফিফা। ভবিষ্যত সফলতা ধরে রাখতে সবার কাছে দোয়া প্রার্থী সে।’
শিক্ষকরা বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি অন্যতম। আমাদের শিক্ষার্থীরা একাডেমিক ফলাফলে যেমন শীর্ষে তেমন খেলাধুলা, নৈতিক শিক্ষা, নিয়মানুবর্তিতা, বিজ্ঞান চর্চাসহ বিভিন্ন রকম কো-কারিকুলাম কার্যক্রমে পারদর্শী।
প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর মো: রবিউল হক বলেন-আমাদের প্রতিষ্ঠানের সভাপতি ডা. শেখ মহিউদ্দিনের দিক-নির্দেশনায় যাবতীয় শৃঙ্খলা বজায় রেখে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালিত করে থাকি। ফলে আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্য অর্জন করতে পারছে।
অধ্যক্ষ মো: কামরুজ্জামান বলেন-ঈর্ষণীয় এই ফলাফল প্রাপ্তিতে শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি আমাদের অভিভাবকরাও সন্তুষ্ট। বিষয়টি ইতোমধ্যে ঝিকরগাছা উপজেলায় আলোচনার জন্ম দিয়েছে। এই ফলাফল পেয়ে অনেক অভিভাবক তাদের সন্তানদের উপহার প্রদান করছেন বলেও আমরা জানতে পেরেছি।