কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি বিষধর সাপ উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড মনসুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের মধ্যে ভয় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বন বিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটার জন্য এক ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেলটি মনসুর প্লাজার সামনে রেখে মার্কেটে যান। কিছুক্ষণ পর আশপাশে থাকা পথচারীরা মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি সাপ মাথা বের করে নড়ছে দেখতে পান। বিষয়টি দেখে তারা অন্যদেরও সতর্ক করেন। এমন ঘটনাটি মুহূর্তের মধ্যেই আশপাশে ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। এ সময় মোটরসাইকেলের মালিক এসে দ্রুত স্থানীয় বন বিভাগে খবর দেন।
এমন খবর পেয়েই বন বিভাগের ট্রেইনার আদনান মীম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর তিনি প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সতর্কতার সঙ্গে মোটরসাইকেলের সিটটি খুলে সাপটি উদ্ধার করেন। তাদের ধারণা সাপটি বিষধর হতে পারে। উদ্ধার সাপটি পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ী বিপ্লব হোসেন জানান, জনবহুল এলাকায় এ ধরনের ঘটনা খুবই বিরল। বন বিভাগের দ্রুত উপস্থিতিতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তারা বন বিভাগের ভূমিকার প্রশংসা করেন।