বাগেরহাট প্রতিনিধি : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান মো. আকরাম হোনেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ প্রদান করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় আমৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনের আপিলের উপর রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০১৫ সালের ১১ আগস্ট ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমানিত হওয়ায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বাগেরহাটের আরেকজন আসামি খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমানিত হওয়ায় তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। এ মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার মামলা বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খান মো. আকরাম হোসেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আপিলের রায়ে আমৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান মো. আকরাম হোসেনকে খালাস প্রদান করেন।