বাবুল আক্তার, চৌগাছা : মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সীমিত সম্পদও কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন যশোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
মঙ্গলবার সকালে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তামহ সংশ্লিষ্ট সকলকে তিনি এ পরামর্শ দেন।
তিনি বলেন, “আমি হাসপাতালের কর্মকর্তাদের অনুরোধ করব এ উপজেলার মানুষ যেন স্বাস্থ্য সেবা ভালোভাবে পায়। সেবার মান ঠিক রেখে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের কিছু ঘাটতি আছে। সেই অনুযায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি। মানুষ যেন সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পায় সে অনুযায়ী দায়িত্বশীলদের কাজ করতে হবে।”
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। পরে হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়টি নজরে আনা হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। ১৪ বারের দেশ সেরা এই হাসপাতালের মান ধরে রাখতে মত বিনিময় সভায় সকলেই ঐক্যবদ্ধভাবে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। মত বিনিমিয় শেষে ডা. ফরিদ হাসপাতাল চত্ত্বরে একটি বৃক্ষের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ১০০ শয্যা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের রুপকার ও যশোর আদ্-দ্বীন সকিনা মেবিডকেল কলেজের পরিচালক ডা. ইমদাদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক রুমি, চৌগাছা উপজেলা জামায়াতের আমীল মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. নুরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, সাংবাদিক রহিদুল ইসলাম খান, এম এ রহিমসহ চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিন দুপুরে চৌগাছা পৌরসভায় সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। সেখানে পৌরসভার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, পৌরবাসী যেন সেবা নিতে কোনো হয়রানির শিকার না হয়। তিনি পৌর প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনকে বলেন, পৌরসভার সার্বিক উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন। কিন্তু কোনো প্রকার দুর্নীতি তিনি সহ্য করবেন না। অনুষ্ঠানে চৌগাছা থানানর ওসি রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে বিকেলে তিনি দলীয় ইফতার মাহফিলে অংশ নিয়ে বলেন, আমি সকল দলমত নির্বিশেষে উপজেলার সকল নাগরিকের এমপি।, আমি সকলের সাথে থাকবো। কিন্তু কোনো অন্যায়কারীকে ছাড় দেবনা সে যে দলেরই হোক।