উৎপল বিশ্বাস, নেহালপুর : মণিরামপুর উপজেলায় চাঞ্চল্যকর আরিফ হোসেন হত্যার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে মানববন্ধন করেছে নেহালপুর ইউনিয়নের সকল যুবসমাজ ও এলাকাবাসী। শুক্রবার বালিধা গ্রামের বৈরাগী মোড়ে আয়োজিত মানববন্ধনে হত্যাকারীদের ফাঁসির দাবি ও শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন নেহালপুরের আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ কামাল হোসেন ও নেহালপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিন্টু। জানা যায়, গত ২ মার্চ ভোর রাতে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আরিফ হোসেনকে হত্যা করে বালিধা গ্রামের জালাল উদ্দিন গাজীর ছেলে সোহেল মাহমুদ এবং পাঁচাকড়ি গ্রামের আশরাফ সরদারের ছেলে ফুয়াদ হাসান সৌরভ। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে একটি মাছের ঘেরের মধ্যে ফেলে রেখে যায়। স্থানীয়রা পরদিন সকালে ঘেরের ভেড়ির উপর রক্ত ও অন্যান্য আলামত দেখার পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই খুনের ঘটনায় নিহতের সৎ বাবাসহ ওই দুইজনকে বাগেরহাট থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।