নিজস্ব প্রতিবেদক: বাইসাইকেলসহ ছোট বাপ্পী মোল্লা নামে এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে জনগণ। এ সময় ছোট বাপ্পীর স্বীকারোক্তিতে বড় বাপ্পীকে আটক ও তার ঘর থেকে চোরাই ১০টি বাই সাইকেল উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি গলি থেকে আটক করা হয়। আটক ছোট বাপ্পী ফরিদপুর সদরের শুভরামপুর গ্রামের ফরহাদ হোসেন মোল্লার ছেলে। বড় বাপ্পী যশোর শহরের ষষ্টিতলাপাড়া (পাখিপট্টির) সরকারি রেল কোয়ার্টারের ভাড়াটিয়া মৃত খোকন মোল্লার ছেলে। কোতয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, বাইসাইকেল চুরির চেষ্টাকালে ছোট বাপ্পীকে জনগণ আটক করে রেখেছে। পরে সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় ছোট বাপ্পী জানায়- এ পর্যন্ত ছোট-বড় মোট ১০টি বাইসাইকেল চুরি করে সে বড় বাপ্পীর কাছে বিক্রি করেছে। পুলিশ ছোট বাপ্পীকে হেফাজতে নেয় এবং রাত ১২টার পরে বড় বাপ্পীর ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় বড় বাপ্পীর ঘর তল্লাশি করে ১০টি বাইসাইকেল, একটি বার্মিজ চাকু ও ২৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চুরির অভিযোগে আলাদা তিনটি মামলা হয়েছে।