নিজস্ব প্রতিবেদক : র্যাব-৬ যশোর শহরের বেজপাড়া থেকে জাকারিয়া ইসলাম রনি নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও ককটেলসহ আটক করেছে। বুধবার দুপুরে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সদস্যরা দুপুরে রনির বাড়িতে অভিযান চালায়। এ সময় রনিকে আটক ও তার স্বীকারোক্তিতে ঘর তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি ককটেল উদ্ধার করা হয়। আটক রনির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে র্যাব কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।