নিজস্ব প্রতিবেদক : যশোরে মুক্তিযোদ্ধা ভাতার টাকা আত্মসাৎ, বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতন ও টাকা চুরির অভিযোগে ছেলে মোস্তফা কামাল শিফার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন অসহায় মা। যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আলী হোসেনের স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে এ মামলা করেছেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি শিফা দীর্ঘদিন ধরে জুয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর পর মা রিজিয়া বেগম তার মাসিক ভাতা ও পেনশন উত্তোলনের দায়িত্ব ছেলেকে দিয়েছিলেন। ছেলে বিশ্বাসভঙ্গ করে সেই ভাতার টাকা মাকে না দিয়ে নিজে আত্মসাৎ করে আসছিলেন। গত ৫ মার্চ আসামির মা চিকিৎসার জন্য ছেলের কাছে পেনশনের টাকা ও ডেবিট কার্ড চাইলে আসামি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর আসামি শিফা তার তৃতীয় স্ত্রী ও পুত্রের প্ররোচনায় মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেদম মারধর করে জখম করে। পরবর্তীতে ৬ মার্চ দিবাগত রাত ৩টার দিকে (সেহরির সময়) আসামি শিফা পুনরায় জোরপূর্বক মায়ের ঘরে ঢুকে বিছানার নিচে রাখা নগদ ৫ হাজার টাকা চুরি করে নেয়। মা বাধা দিতে গেলে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে প্রথমে বারান্দায় ও পরে উঠানে ফেলে লাথি ও কিল-ঘুষি মেরে জখম করে। মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ও স্বজনেরা এসে তাকে উদ্ধার করেন। এ সময় আসামি ধারালো রামদা উঁচিয়ে মাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।