নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার নামে যশোরে প্রতারণায় নামে একটি প্রতারক চক্র। চক্রটি অভিভাবকদের ফাঁদে ফেলার জন্য শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে মোবাইলে কল দিচ্ছে। বলা হচ্ছে বোর্ড থেকে উপবৃত্তির টাকা নিয়ে যেতে তবে জেলা শিক্ষা অফিসার জানান- শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অফিস থেকে উপবৃত্তি সংক্রান্ত বিষয়ে অভিভাবকের কাছে ফোন দেয়া হয় না।
শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থী মাইশা বুশরার পিতা আইয়ুব হোসেনের কাছে ০১৩৩২ ৯১৪৯২৯ নম্বর থেকে কল আসে তার মেয়ে উপবৃত্তির টাকা পাবে। আপনি এসে টাকা নিয়ে যান। পরে বোর্ড স্কুলের প্রধান সহকারী মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, একটি প্রতারকচক্র উপবৃত্তির টাকার কথা বলে বিভিন্ন শিক্ষার্থী ও তার অভিভাবকের কাছে ফোন দিচ্ছে। তারা আমাদের কাছে ফোন দিয়ে বিষয়টি নিশ্চিত হচ্ছে।
এ বিষয়ে বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন বলেন-উপবৃত্তি সংক্রান্ত কোন কাজের সাথে বোর্ড সংশ্লিষ্ট নয়। বোর্ডের পরিচয়ে যদি কোন শিক্ষার্থীর কাছে ফোন আছে, তাহলে বুঝতে হবে ফোন করেছে প্রতারকচক্র।