ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়াপাড়া জামে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে স্থানীয় বাদশা এবং আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এই কমিটি গঠন নিয়ে পুনরায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ময়নুদ্দিন মন্ডল (৩৫), মনোয়ারা বেগম (৫০), আব্দুর রহমান (৪০), আছালত মন্ডল (৪৮), মসলেম মন্ডল (৬০) সহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সংঘর্ষের সময় উত্তেজিত গ্রামবাসী বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেন।
মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, মূলত একটি দোকান দখল নিয়ে সূত্রপাত। এরপর পর যুক্ত হয় মসজিদের মোয়াজ্জেম ও কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব। এইসব ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক ব্যক্তি আহত হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মসজিদের ইমাম পরিবর্তন করতে নতুন কমিটি গঠন নিয়েই মূলত ঘটনার সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আরও বলেন, কোনো পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।