কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : খেলার আয়োজন করলে দল বা টিম গঠন নিয়ে মারামারি ও ঝামেলা হতে পারে। তাই এমন আশঙ্কা অজুহাতে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফুটবল বা ক্রিকেট খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের এক প্রস্তুতিমূলক সভাতে ওই খেলা বন্ধের ওই সিদ্ধাস্তটি জানান তিনি। একইসাথে সভায় ওই অনুষ্টানের বিভিন্ন উপ কমিটি থেকে (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের) ছাত্র প্রতিনিধিদের নামও বাদ দেয়া হয়েছে। তবে, এমন সিদ্ধান্তে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের লক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা চলছিল। সেখানে স্বাধীনতা দিবসটিতে বিভিন্ন অনুষ্ঠানমালা গ্রহনের সময়ে উপজেলা প্রশাসন ও সুধিজনদের মধ্যে ফুটবল বা ক্রিকেট খেলার কথা উঠে। বিগত দিনেও এ খেলাটি জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হত। কিন্তু এ খেলার দল গঠন নিয়ে মারামারির আশঙ্কার কথা তুলেন কালীগঞ্জ ইউএনও। এজন্য ইভেন্টটি একেবারেই বন্ধ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুকসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। সভায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানসমূহ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আরো নানা সিদ্ধান্ত গ্রহন করা হয়।