Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ভয়াবহ আগুনে ১২ দোকান পুড়ে ছাই

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১১:২১:৪০ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামের নওয়াপাড়া পীরবাড়ি সংলগ্ন কাঠপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডে রমজান ফার্নিচারের ২টি দোকান, হাতিম ফার্নিচারের শোরুম, আব্দুর রউফ ফার্নিচারের ২টি দোকান, রনি ফার্নিচার, বিকু মোল্ল্যার সাইজ কাঠের দোকান, বাদল টি স্টোর, রুবেল ফার্নিচার, শরিফুল কুটির শিল্প, ইমরান দরজা ঘর ও নারায়ণ চন্দ্র কুটির শিল্পের কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাদল টি স্টোরের মালিক বাদল মল্লিক জানান, তার দোকানে থাকা নগদ টাকা, টিভি, ফ্রিজসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সামনে ঈদ, এখন পরিবার নিয়ে টিকে থাকাই তার জন্য কঠিন হয়ে পড়বে। রমজান ফার্নিচারের মালিক রমজান আলী জানান, তার দুটি দোকানের আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, ‘খবর পেয়ে রাত ২টার দিকে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২৫ লাখ টাকা, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)