শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার ঢাকা-খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে সুলভ অনন্ত ওরফে প্রান্ত দত্ত (২৬) ও মাহফুজ (২৫) নামে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা একে অপরের বন্ধু। সুলভ অনন্ত উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল সাহা পাড়া গ্রামের ভজন দত্তের ছেলে এবং মাহফুজ উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া খাল দিয়েরপাড়া গ্রামের দিপুল ইসলামের ছেলে। মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, দুই যুবক রাতে নাকোল থেকে মোটরসাইকেলযোগে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসে গাছের একটি মরা ডাল ভেঙে তাদের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সুলভ অনন্তের মৃত্যু হয় এবং তার সাথে থাকা মাহাফুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুলভ অনন্তকে মৃত ঘোষণা করেন। মাহাফুজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তারও মৃত্যু হয়।