অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদকের মামলায় সাজা ভোগ শেষে কারাগার থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসা শুরু করার অভিযোগে আ. হালিম সরদার (৬০) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে আবারও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ মার্র্চ) মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আ. হালিম সরদার উপজেলার রাজঘাট এলাকার গাজীপুর গ্রামের আ. জলিল সরদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজঘাট এলাকার গাজীপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবন ও বহনের দায়ে আ. হালিম সরদার নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। সম্প্রতি একটি মাদক মামলায় এক বছরের সাজা ভোগ শেষে কারগার থেকে বেরিয়ে আসেন তিনি। বাড়ি ফিরে পুনরায় মাদক ব্যবসা শুরু করার অভিযোগে তাকে আবারও কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরনির ১৬ ধারা মোতবেক এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।’