মোংলা ও শরণখোলা প্রতিনিধি : সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক হয়েছে। আটককৃত ডাকাত ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তার স্বীকারোক্তিতে সোমবার মধ্যরাতে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খন্ড, বৈধমারি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত (২২ মার্চ) রোববার বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এলাকা হতে ইয়াছিন সেখকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।