কলারোয়া প্রতিনিধি : কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উপ-নির্বাচন আগামী ২৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শূন্য হয়ে পড়া সভাপতি ও একটি নির্বাহী সদস্য পদে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। গত বছরের ২৭ ডিসেম্বর ক্লাবের সাধারণ সভায় এই উপ-নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বাবু হরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় উপ-নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধার্য করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্যবিশিষ্ট এই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে ক্লাবের সহ-সভাপতি শেখ জামিল হোসেনকে। সদস্য সচিবের দায়িত্ব অর্পণ করা হয়েছে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদকে। এই কমিটির অপর তিন সদস্য হলেন: রেজাউল ইসলাম, রজিবুল ইসলাম ও শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। এছাড়া দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ক্লাবের ৬ সদস্যকে তাদের সদস্যপদ ফিরে পাবার আবেদনের প্রেক্ষিতে সভায় সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়। এরা হলেন: খান মোহাম্মদ শাফাতুল ইসলাম সোহাগ, আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, মাহমুদুল ইসলাম মাদুল, আব্দুর রশিদ, রফি উদ্দিন ও লিটন মজুমদার। বুধবার বিকেলে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম ক্লাবের উপ-নির্বাচন অনুষ্ঠান ও ৬ জনের সদস্যপদ পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করেন।