Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তালাক না দেয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপ, স্বামী-শ্বশুরসহ আটক ৩

এখন সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল , ২০২৬, ১০:৫৫:০২ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে মাসুরা বেগম (১৯) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী-শ্বশুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম। গ্রেপ্তাররা হলেন-গৃহবধূ মাসুরা বেগমের স্বামী আল আমিন শেখ (২২), শ্বশুর মিলন শেখ (৪৫) ও মজিদ গাজীর ছেলে মুরসালিন (৩৩)। পুলিশ জানায়, বুধবার ভুক্তভোগী মাসুরা বেগমের মা রোজিনা বেগম বাদী হয়ে মেয়ের জামাই, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলার পর সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাত মাস আগে সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকায় মাসুদ সরদারের মেয়ে মাসুরা বেগমের সঙ্গে একই গ্রামের মিলন শেখের ছেলে আল আমিন শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী আল আমিন শেখ, শ্বশুর মিলন শেখ ও তার স্ত্রী রওশন আরা বেগম এবং মজিদ গাজীর ছেলে মুরসালিন মাসুরা বেগমের ওপর নির্যাতন করে তালাক দিতে বলেন। তালাক দিতে রাজি না হলে গত ১৫ মার্চ রাতে তারা চারজন মাসুরা বেগমকে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় স্পিড পান করিয়ে অচেতন অবস্থায় তার পায়ে ও যৌনাঙ্গে এসিড নিক্ষেপ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২১ মার্চ মাসুরা তার বাবার বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়। মামলার বাদি রোজিনা বেগম বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়ের চিকিৎসা চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মেয়ের জামাই, শ্বশুর-শাশুড়িসহ চারজনের নামে থানায় মামলা করা হয়েছে। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে মামলা দায়েরে বিলম্ব হয়েছে।’ এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ‘এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)