শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালের পেছন এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১ কেজি ৪০০ গ্রাম এবং পটাশ বিস্ফোরক পাউডার ১ কেজি ৪০০ গ্রাম। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে বড়আঁচড়া গ্রামের কার্গো ভেহিকেল টার্মিনালের পেছনে বিস্ফোরক মজুদ করা হচ্ছে। পরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তিনি আরও জানান, উদ্ধারকৃত বিস্ফোরক রাতেই বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এদিকে স্থানীয়রা জানান, বন্দরের আশপাশে ঘনবসতিপূর্ণ এলাকা ও বিভিন্ন স্থাপনা থাকায় অনেক সময় অপরাধীদের সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হয়। এসব স্থাপনার কিছু অংশ অধিগ্রহণ প্রক্রিয়ায় থাকলেও তা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। বেনাপোল স্থলবন্দর পরিচালক শামিম হোসেন বলেন, বন্দরের সম্প্রসারণে আশপাশের স্থাপনা অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা আরও জোরদার করা হবে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, উদ্ধার হওয়া বিস্ফোরক কারা মজুদ করেছিল এবং কী উদ্দেশ্যে আনা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।