নিজস্ব প্রতিবেদক: রাস্তায় কুড়িয়ে পাওয়া ২৩ হাজার টাকা ও কিছু কাগজপত্রের প্রকৃত মালিক যশোর পৌরসভার অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ফখরুল হুদাকে ফেরত দিয়েছেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেন যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প পানিরট্যাংক এলাকার বাসিন্দা ও শহরের চারখাম্বার মোড়ের মেসার্স লামিয়া এন্টারপ্রাইজের পরিচালক ব্যবসায়ী শহিদুল ইসলাম । ফখরুল হুদা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি কিছু মালামাল বাজার থেকে কিনে একটি ইজিবাইকে করে শংকরপুর ফিরছিলেন। চারখাম্বার মোড়ে পৌছালে ইজিবাইকে ঝাঁকুনি লেগে হাত থেকে টাকাভর্তি ব্যাগটি পড়ে যায়। তিনি কিছু বুঝতে না পেরে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে দেখেন হাতের ব্যাগটি নেই। তিনি ফের খুঁজতে খুঁজতে চারখাম্বার মোড়ে আসেন। তাকে দেখে ব্যবসায়ী শহিদুল ইসলাম ডাক দেন এবং জানতে পারেন তার টাকা ভর্তি ব্যাগ খোয়া গেছে। শহিদুল ইসলাম জানান, তিনি রাস্তার ওপর তার দোকানের সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখে উঠিয়ে নিজের কাছে রাখেন। কৌতুহল বসত খুলে দেখেন ব্যাগের মধ্যে ২৩ হাজার টাকা। আর কিছু কাগজপত্র। তিনি উপযুক্ত প্রমাণ পেয়ে ফখরুল হুদাকে টাকাসহ ব্যাগটি ফেরত দেন। ফখরুল হুদা ব্যবসায়ী শহিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা দেখান ও ধন্যবাদ জানান।