নিজস্ব প্রতিবেদক: যশোরের শাহিনুল ইসলাম ও শামীম হত্যা মামলার দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলো, শহরের পুরাতনকসবা কাজীপাড়ার আবুল কালামের ছেলে শুভ ওরফে বড় শুভ ও সদরের মোবারককাঠি রামনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহরাব হোসেন। বৃহস্পতিবার অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর শহরের গরীবশাহ মাজার এলাকায় ঘোষপাড়ার ড্রাইভার শাহিনুল ইসলামকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ভাই মইন উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শুভ ওরফে বড় শুভকে আটক করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াহিদুজ্জামান। রিমান্ড শুনানি শেষে বিচারক আসামি শুভর একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দিকে, গত ১৬ জানুয়ারি সদরের বলাডাঙ্গা গোবিন্দ মোড়ের দোকানে চুরির অভিযোগে প্রতিবন্ধী শামীমকে পিটিয়ে হত্যা করে দোকান মালিকসহ অন্যরা। এ ঘটনায় নিহত শামীমের পিতা বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সোহরাব হোসেনকে আটক ও ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।