কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সন্মুখে বিক্ষোভ করেছেন বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সংগঠন এস আর সমিতি’। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনটির নেতাকর্মীরা। সংগঠনের সদস্যরা জানায়, উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে সরবরাহ কম থাকায় সমস্যা প্রকট হচ্ছে। তেল নিতে অনেকে ভোর থেকেই ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিক্রয় প্রতিনিধিরা। পেশাগত কারণে দ্রুত চলাচলে তাদের একমাত্র বাহন হল মোটরসাইকেল। দীর্ঘ অপেক্ষায় তেল না পেয়ে সময় ও আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। দ্রুত সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানান তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামান ও বিক্ষোভকারীদের আলোচনা করে। তিনি দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করে উপজেলা পরিষদ কার্যালয় ত্যাগ করেন।