Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বন্দর চেয়ারম্যানের

এখন সময়: বুধবার, ৮ এপ্রিল , ২০২৬, ১১:২৭:৪৫ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মাঞ্জুরুল মান্নান।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক কার্যালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) উপ-সচিব শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বন্দরের সার্বিক কার্যক্রম, পণ্য খালাসে জট কমানো, অবকাঠামোগত উন্নয়ন, কাস্টমস ও পরিবহনসংক্রান্ত নানা সমস্যা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেন, দেশের বৃহত্তম স্থলবন্দর হিসেবে বেনাপোলে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা, ট্রাকজট, পণ্য খালাসে বিলম্ব এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতির কারণে ব্যবসায়ীদের অতিরিক্ত সময় ও ব্যয় গুনতে হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা।
চেয়ারম্যান মাঞ্জুরুল মান্নান ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে বলেন, বেনাপোল স্থলবন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানের বন্দরে রূপান্তরে সরকার কাজ করছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা, ট্রাকজট নিরসন এবং ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি আরও জানান, বিদ্যমান সমস্যার সমাধানে দ্রুত একটি নতুন অ্যাম্বুলেন্স এবং পণ্য লোড-আনলোডের জন্য আধুনিক ক্রেন ও ফর্কলিফট সরবরাহ করা হবে।
তিনি বলেন, বন্দর সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা গেলে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীসহ অন্যান্যরা।
বৈঠকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজাহান আলীর জানাজায় অংশ নেন উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ। জানাজা শেষে তার পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)