সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এক সপ্তাহের ব্যবধানে তিন যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে চলছে শোকের মাতন। এরমধ্যে সড়ক দুর্ঘটনায় ২ জন ও ১ জনকে চোর সন্দেহে গণপিটুনিতে মারা যাওয়ায় বেলকাটি গ্রামের আশেপাশের এলাকার অন্য গ্রামগুলোর মানুষের মধ্যেও চলছে একই অবস্থা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে সম্প্রতি গত ৩০ মার্চ উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের মোতলেব গাজীর ছেলে হায়দার আলী (৩৫) ও গত মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধ্যায় একই গ্রামের রকিব মৌরির একমাত্র ছেলে মেহেদী হাসান রানু (২৫) সড়ক দুর্ঘটনায় মারা যান। হায়দার আলী পেশায় রাজমিস্ত্রী ও মেহেদী হাসান রানু বাড়িতে নিজের খেতখামারে কাজকর্ম করতেন। আর গত
মঙ্গলবার ৭ এপ্রিল যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের শিক্ষক আনসার উদ্দিনের মানুষিক পতি বন্ধী ছেলে ফারুক হোসেন (৩৫)। জানা যায়, ফারুক হোসেন এক সময় নৌবাহিনীতে চাকরি করতেন। পরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় চাকরি হারিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। অসুস্থতার কারণে তিনি বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতেন।
একই গ্রামের তিনজন যুবকের এমন মর্মান্তিক মুত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বেলকাটি গ্রামের আব্দুল মজিদ বলেন, “এক সপ্তাহে গ্রামের তিন জন যুবকের মৃত্যুতে গ্রামবাসীর মধ্যে চলছে শোকাবহ অবস্থা। পার্শ্ববর্তী মাদারডাঙ্গা গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আনসার উদ্দিনের ছেলে ফারুক হোসেন সম্প্রতি নৌবাহিনী থেকে চাকরী হারিয়ে মানুসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। তাদের মৃত্যুতে বেলকাটি গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষের মধ্যে চলছে শোকের মাতন। বেলকাটী গ্রামের বাসিন্দা রহিমা বেগম বলেন, গত এক সপ্তাহ জুড়ে গ্রামের কোনো না কোনো বাড়িতে কান্নার শব্দ শোনা যাচ্ছে। এমন ঘটনা আমাদের জন্য খুবই কষ্টের।
এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের বেলকাটি এলাকার মেম্বার রফিকুল ইসলাম বুলু বলেন, ঘটনাগুলো খুবই দুঃখজনক। এক সপ্তাহে একই গ্রামের তিন যুবকের অস্বাভাবিক মুত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে ওই পারিবারের লোকজনের মধ্যে চলছে শোকের মাতম।