ফরহাদ খান, নড়াইল : অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে বোতলজাত সায়াবিন তেল উধাও এবং কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নড়াইল প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব নড়াইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ক্যাব নড়াইল জেলা শাখার সভাপতি মলয় নন্দী, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, আসাদ রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের জিম্মি করে মুনাফালোভী ব্যবসায়ীরা বাজার থেকে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল সরিয়ে ফেলছে। এর ফলে নড়াইলের বাজারে তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। বোতলজাত সয়াবিন তেল সংকটের পাশাপাশি খোলা সায়াবিন তেলও আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে খোলা সায়াবিন তেল প্রতি কেজি ২০৫ টাকা বিক্রি হচ্ছে। আগে ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর বিভিন্ন কোম্পানির বোতলজাত সায়াবিন তেল ১৯৫ টাকা লিটার বিক্রি হলেও বর্তমানে বাজার থেকে তা উধাও হয়ে গেছে। সপ্তাহখানেক ধরে সংকট বেশি সৃষ্টি হয়েছে। এতে ক্রেতাসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আমাদের দাবি, অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করাসহ অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।