কালীগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি: আগে বাস স্টপেজে গিয়ে দাঁড়ানো প্রতিযোগিতার দুটি চলন্ত যাত্রীবাহী বাসের মাঝে চাপা পড়ে ওসমান আলী (৪০) নামে এক হকারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেল সাড়ে ৩টায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে। নিহত ওসমান কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে ফেরি করে পণ্য বিক্রি করতেন। সহযোগী হকার মিরাজুল ইসলাম জানান, বিকেলে বাসস্ট্যান্ডে হকারী করছিল ওসমান। এ সময় শাপলা পরিবহনের একটি বাসের পাশ দিয়ে একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে অতিক্রম করার চেষ্টা করে। এরমধ্যে পেছন থেকে আসা বাসের সঙ্গে সামনের বাসের মাঝখানে আটকে পড়েন ওসমান আলী। তিনি চিৎকার করলেও বাস দুটি গতি কমায়নি। বরং তারা আগে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকে। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর জখম ওসমানকে হাসপাতালে নেবার আগেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ জান্নাতুল নাঈম লাজুক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।