Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় মাদক উদ্ধার অভিযানে একজন নিহত, স্ত্রীর দাবি পিটিয়ে হত্যা

এখন সময়: সোমবার, ১৩ এপ্রিল , ২০২৬, ০২:৫৭:৫১ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদনপুর ইউনিয়নের কানুটিয়া চরপাড়া গ্রামে মাদক উদ্ধার অভিযানের সময় আকুব্বর (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে মাগুরা মহম্মদপুর বিনদপুর কানুটিয়া চরপাড়া এলাকায় মাদক উদ্ধার কালে এই ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী জোছনা খাতুন দাবি করেছেন, তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সিপাহী আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ডিএনসির একটি দল আকুব্বরের নিজ বাড়িতে অভিযান চালায়। তাকে আটক করতে গেলে ধস্তাধস্তির এক পর্যায়ে লাঠির আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় ডিএনসির সিপাহী মিঠুন ব্যাপারি আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযানে অংশ নেয়া সদস্যদের ওপর চড়াও হয়ে গণপিটুনি দিতে উদ্যত হলে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে সংশ্লিষ্ট সদস্যদের মহম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. সাহারা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কানুটিয়া চরপাড়ায় আকুব্বরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া সাকিনা ঝরা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, অভিযানের সময় আকুব্বর নামে এক ব্যক্তিকে আটক করতে গেলে তার মৃত্যু হয়। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাটি নিয়ে পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)