মাগুরা প্রতিনিধি : ‘সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করা হয়। পরে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও মাগুরা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির। বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর প্রমুখ। পাশাপাশি এ দিবসে জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।