ফরহাদ খান, নড়াইল : জনসাধারণ, প্রবাসী ও বিভিন্ন ধর্মালম্বীদের জন্য জন্য আলাদা তিনটি ‘হটলাইন সেবা’ চালু করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এই তিনটি মোবাইল ফোন সেবার উদ্বোধন করেন তিনি। এর মধ্যে যে কোনো প্রয়োজনে জনসাধারণ ফোন করবেন এই নাম্বারে-০১৩৫০-১৭৩৭৩৭। প্রবাসী পরিবারের নিরাপত্তার জন্য ০১৩৫০-১৭৩৭১৭ নাম্বার এবং বিভিন্ন ধর্মালম্বী পরিবারের নিরাপত্তার জন্য ০১৩৫০-১৭৩৭৭৭ নাম্বারটি খোলা হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২’ নামে বাংলায় আইডি খোলা হয়েছে। এখানেও সব তথ্য জানাতে পারবেন সবাই।
এদিকে, হটলাইন সেবার পাশাপাশি বেকারত্ব দুর করার জন্য দ্রুত ‘বেকার মেলা’ করা হবে। তাদের জন্য গুগলফর্ম খোলা হবে। অনলাইন মাধ্যম ছাড়াও বেকাররা চাকরির জন্য সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠন ও এলাকায় উন্নয়নমূলক কাজের জন্যও কমিটি করা হবে বলে জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এ লক্ষ্য বাস্তবায়নে আইনজীবী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে একটি দল (টিম) কাজ করবে। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ‘হটলাইন সেবা’সহ এসব উদ্যোগ হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন এমপি বাচ্চু।
হটলাইন সেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইস্রাফিল খবির রাজু, সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী অন্ন ঘোষ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, সহসভাপতি সুলতান মাহমুদ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, ড. খান আব্দুস সোবহান, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ অনেকে।